নাটোরের সিংড়া উপজেলার বেড়াবাড়ী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রেজাউল ইসলাম নামে এক যুবলীগ কর্মি নিহত ও অপর ৭ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে র্যাব-৫। সোমবার দুপুরে উপজেলার বেড়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়তে পারেন: আমার দিন শেষ: ইনু
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও সিংড়া থানার উপ-পরিদর্শক দেবব্রত ভট্টাচার্য্য জানান, সোমবার দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবলীগ নেতা রেজাউল করিম রেজা এবং আনোয়ার হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আনোয়ার হোসেন গ্রুপের রেজাউল ইসলামসহ ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল ইসলাম মারা যান।
র্যাব -৫ এর নাটোর রেঞ্জের কমান্ডার এএসপি অলোক কুমার বিশ্বাস জানান, ঘটনার পর পরই এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম, সুমন, বাবলু, মকবুল, মজনু, মানিক, জিয়ারুল ও রকিবুল ইসলাম।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়তে পারেন: পেরুর কাছে হেরে কোপা থেকে ব্রাজিলের বিদায়
/এমএসএম /







