কিশোরগঞ্জে জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে ঐক্যের প্রশ্নই ওঠে না। সাম্প্রতিককালের সব জঙ্গি তৎপরতা ও টার্গেট কিলিংয়ের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় এসব কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা বস্তবায়ন মঞ্চের উদ্যোগে জেলা শহরের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা হয়।
জঙ্গি হামলা প্রসঙ্গে তিনি বলেন, আইএস কিংবা আল-কায়দা নয়, সাম্প্রতিক হত্যাকাণ্ডের ধরণের সঙ্গে জামায়াত-শিবিরের অতীতের হত্যাযজ্ঞের মিল রয়েছে। যেভাবে তারা মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হত্যা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রগতিশীল হত্যা করে আসছে, এখনও একই কায়দায় হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।
শাজাহান খান আরও বলেন, মানুষ হত্যার সঙ্গে যারা জড়িত তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। তারা ইহুদিদের সঙ্গে আঁতাত করে সারা বিশ্বের মতো এখানেও মুসলমানদের হত্যা করছে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির, মুসলিম লীগ, নেজাম-ই-ইসলামী ও বঙ্গবন্ধুর খুনিরা সবাই খালেদা জিয়ার নেতৃত্বে একাত্ম হয়েছে। জঙ্গি ফাহিম নিহত হওয়ার পর খালেদা জিয়ার মায়া কান্নায় প্রমাণিত হয়েছে তিনি খুনিদের প্রতি সহানুভূতিশীল।
মন্ত্রী জঙ্গিবাদ মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।
জাতীয় শ্রমিক লীগ কিশোরগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা-১৯ আসনের এমপি ডা. এনামুর রহমান, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহমেদ তৌফিক প্রমুখ।
এর আগে দুপুর একটায় তিনি কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার সময় নিহত গৃহবধু ঝর্ণা রাণী ভৌমিকের বাসায় যান ও তার স্বজনদের সান্ত্বনা দেন এবং এক লাখ টাকা আর্থিক সহযোগিতা দেন।
আরও পড়ুন-
কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী
গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি
মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে
/এফএস/








