নাটোরের লালপুর উপজেলার বরমহাটী গ্রামে আব্বাস উদ্দিন (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে জমির উদ্দিন ওরফে উজির বিশ্বাস (৭০) নামে অপর একজন আহত হয়েছেন। আহত উজির বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আব্বাস আলী স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই গ্রামের মৃত বলাই উদ্দিন শেখের ছেলে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ও স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আব্বাস আলী ও মিজান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাত ৮টার দিকে আব্বাস আলী তার সহযোগী জমির উদ্দিন বিশ্বাসের সঙ্গে বাড়ির পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে মিজান গ্রুপের লোকজন তাদের ওপর হামলা করে। জীবন বাঁচাতে পালাতে গেলে আক্রমণকারীরা আব্বাসের হাতে ও পায়ে গুলি করে। এ সময় তারা উজির বিশ্বাসকেও রক্তাক্ত জখম করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে আক্রমণকারীরা পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় আব্বাস আলী ও জমির উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আব্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১ টার দিকে তিনি মারা যান।
/এমপি/







