বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিরুদ্ধে ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাদিম প্রামাণিকসহ তিনটি পরিবারের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। নাদিম প্রামাণিক যুবলীগ নেতা এনামুল হক আকুল হত্যা মামলার প্রধান আসামি।
রবিবার সন্ধ্যার দিকে ফুলতলা কানপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীরা পুলিশের বিরুদ্ধে লুটপাটেরও অভিযোগ করেন।
যুবলীগ নেতা নাদিমের স্ত্রী আরজু বেগম, বোন সুমা, মামী লাবনী আকতার ও লিমা, প্রতিবেশী মনিকা পারভীন অভিযোগ করে বলেন, রবিবার সন্ধ্যার দিকে কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজসহ কয়েকজন পুলিশ তাদের বাড়িতে আসেন। এ সময় তারা ঘরের প্রধান দরজার তালা কুড়াল দিয়ে ভেঙে ভিতরে প্রবেশ করে ফ্রিজ, আসবাবপত্র ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন। আর লকার ভেঙ্গে সোনার গহনা ও নগদ টাকা লুট করেন।
এছাড়া জেলে থাকলেও নাদিমের মামা নান্টুর বাড়িতে এবং নিহত মামা মজনু ও ঝন্টুর বাড়িতেও ভাঙচুর করা হয়। পুলিশ এ সময় বাড়ির সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ ও রবিবার রাতের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়।
কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি নাদিম পালিয়ে গেলে তার ঘর থেকে শুধু ছবি আনা হয়েছে। তবে ভাঙচুরের কোনও ঘটনা ঘটেনি। আসামির পরিবার মানুষের সহানুভূতি পাওয়ার জন্য নিজেরাই প্রধানমন্ত্রীর ছবি ও আসবাবপত্র ভাঙচুর করে পুলিশকে দোষারোপ করছে।
/এসএনএইচ/








