দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সদর ও চিরিরবন্দর উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ডুবুরিরা।
নিহতরা হলেন দিনাজপুর শহরের ক্ষেত্রীপাড়া এলাকার সাইদুল আলমের ছেলে সাজিদ হোসেন সাদ (১৮) ও মুন্সিপাড়া এলাকার মির্জা মমতাজুল ইসলামের ছেলে মির্জা সাকিল শামীম বিশাল (১৭)। তারা দু’জনই দিনাজপুর হলিল্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে ৪ বন্ধু মিলে সদর উপজেলার মোহনপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামেন। এ সময় তারা পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করলেও বাকি দুইজন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ডুবুরিরা নদীতে অনেক খোঁজাখুঁজির প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সাড়ে ৩ টার দিকে তাদের লাশ উদ্ধার করেন।
দিনাজপুর কোতোয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, পানির প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়তে পারেন: হাতিটি আপাতত বাংলাদেশেই থাকছে
/এমএসএম/








