মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত শেরপুরের পুরাতন কাটাখালী ব্রিজটি সংরক্ষণের দাবি জানিয়েছেন কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ব্রিজ সংলগ্ন রাস্তায় আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
‘আমরা- আঠার বছর বয়স’ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জনউদ্যোগ, জাতীয় দুর্নীতি প্রতিরোধ কমিটি- শেরপুর শাখা, আসল কাজ, মানবাধিকার কমিশন শেরপুর শাখা, চরাঞ্চল ছাত্র সমিতি, কালিবাজার এলাকাবাসীসহ বেশ কয়েকটি সংগঠন সংহতি প্রকাশ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শহীদ নাজমুল আহসানের খালা মমতাজ জাহান,সহোদর ভাই সদরুল আহসান মাসুম ও শহীদ পরিবারের সন্তান জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম তালুকদার সেলিম প্রমুখ।
বক্তরা কাটাখালী পুরাতন ব্রিজটিকে না ভেঙে সেখানে শহীদ নাজমুল আহসানসহ অন্য শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে একটি স্মৃতিফলক তৈরির দাবি জানান।
১৯৭১ সালের ৬ জুলাই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙামাটিয়া খাটুয়াপাড়া গ্রামে এক বর্বরোচিত হত্যাযজ্ঞ ঘটানো হয়। এ যুদ্ধে শহীদ হন কোম্পানি কমান্ডার নাজমুল আহসান, আলী হোসেন ও মোফাজ্জল হোসেনসহ নাম না জানা আরও অনেক মুক্তিকামী সিপাহী জনতা। স্বাধীনতার প্রায় ৪৪ বছর অতিবাহিত হতে চললেও তালিকায় নাম নেই সেই শহীদদের, নেই কোনও স্মৃতিফলকও। কেবল কালের দুঃসহ স্মৃতি আর শত বেদনার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন ওই সম্মুখযুদ্ধে শহীদের স্বজনরা। আর কালের নীরব সাক্ষী হয়ে পড়ে আছে ঐতিহাসিক কাঁটাখালী ব্রিজটি।
/এসএনএইচ/








