কবি ওয়ালী কিরণ আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মধ্যরাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্তেকাল করেছেন।মঙ্গলবার বাদ আসর নগরীর টিকাপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক নেমে এসেছে রাজশাহী কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনে।
কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। কবিকুঞ্জের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন।
এক শোকবার্তায় তারা বলেন, ওয়ালী কিরণের মৃত্যুতে কবিতাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয়। তারা নিহতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
কবি ওয়ালী কিরণ ১৯৫৮ সালের ২৫ জানুয়ারি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ১৩টি, গল্পগ্রন্থ ১টি এবং উপন্যাস ১টি। তার কাব্যগ্রন্থের মধ্যে রূপান্তরের পাখি, উৎসভূমি, ওই নদী জলমঞ্চ, শূন্যতার ডানা, মগ্নপ্রতীক, অদৃশ্য পুরোহিত, কাব্যসমগ্র উল্লেখযোগ্য। প্রকাশিত উপন্যাস দাসযুগের দিনলিপি এবং গল্পগ্রন্থ অন্ধ অজগর। তিনি কবিকুঞ্জ পদক, বগুড়া লেখকচক্র পুরস্কারসহ অনেক সম্মাননা পেয়েছেন।
আরও পড়তে পারেন: বাংলাদেশেও এসেছিলেন হাভেলাঞ্জ
/এসএমএম/








