২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার ১১ বছর পূর্তি হলো আজ। ওই হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় আজ বুধবার কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঝিনাইদহে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বুধবার সকালে ঝিনাইদহ সরকারী কেসি কলেজ চত্বর থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাসসহ প্রমুখ। সেসময় বক্তারা, সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করার আহ্বান জানান।
লক্ষ্মীপুর
১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে কালো পতাকা মিছিল করেছে জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জিসাদ আল নাহিয়ান, কলেজ আহবায়ক রাফসান জানি বাপ্পি প্রমুখ।
নীলফামারী
দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে নীলফামারী পৌর আওয়ামী লীগ। এসময় বক্তব্য রাখেন, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহাম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সারাদেশে ১৬০টি মামলা দায়ের হলেও বিগত ১১ বছর পর নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ৫১টি মামলা। মামলার নিষ্পিত্তিসহ নব্য গঠিত জেএমবিদের শাস্তি ও বিচারের দাবি জানানো হচ্ছে।
/এআর/







