পুলিশ ঘুষ চাওয়ায় বরিশালের রুপাতলী বাস টার্মিনাল এলাকার বিক্ষোভ ও সড়ক অবরোধ করে মাহেন্দ্র টেম্পুর শ্রমিকরা। পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে দুই শ্রমিককে আটক করে পুলিশ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটক শ্রমিকরা হলেন- মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের লাইন শ্রমিক মিলন মোল্লা ও সদস্য মো. সোহেল। এছাড়া পুলিশের লাঠিচার্জে আহত হয়ে লিটন নামের এক শ্রমিক শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন।
শ্রমিকরা জানান, রূপাতলী বাস টার্মিনাল এলাকায় মাহেন্দ্র চালক সোহেল ও লিটন মারামারি করে। এতে লিটন আহত হলে অপর শ্রমিকরা চিকিৎসা করে।
কিন্তু এ নিয়ে শ্রমিক স্বপনের অভিযোগের প্রেক্ষিতে রূপাতলী পুলিশ বক্সের দায়িত্বে থাকা এএসআই মামুন ও এএসআই সুমন শ্রমিক সোহেলকে আটক করে। পরে শ্রমিকরা নিজেরাই এর মিমাংসা করেছে বলে আটক লিটনকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় শ্রমিকরা। এ সময় দুই সহকারী দারোগা তাদের কাছে ঘুষ দাবি করে। পরে বিক্ষুব্ধ হয়ে ওঠা শ্রমিকরা সড়ক আবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রমিকরা মারমুখী হয়ে উঠলে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় সেখান থেকে সড়ক অবরোধে নেতৃত্ব দেওয়া মিলন মোল্লা ও আটক লিটনকে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, ঘুষ দাবির অভিযোগ খতিয়ে দেখা ব্যবস্থা নেওয়া হবে।
এএসআই সুমন ও মামুন বলেন, শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতেই অভিযুক্ত শ্রমিককে আটক করা হয়। ছেড়ে দেওয়ার জন্যে ঘুষ চাওয়ার কোনও ঘটনা ঘটেনি।
/এসএনএইচ/








