খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস আজ ১ সেপ্টেম্বর। উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করছেন কুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বর্ণিল সাজে সজ্জিত বিশ্ববিদ্যালয়ে দিবসের আনুষ্ঠানিকতা চলবে সারা দিনই।
দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রীতি সমাবেশ, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী, টেকনিক্যাল পেপার প্রেজেন্টেশন, আলোচনা সভা, নবনির্মিত লেদার ইঞ্জিনিয়ারিং ভবন ও গেস্ট হাউজ কাম ক্লাব ভবনের উদ্বোধন, দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উম্মুক্তকরণ, শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময়, ছাত্র-শিক্ষক প্রীতি ফুটবল ম্যাচ, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সভাপতিত্ব করবেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
খুলনা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশেই ফুলবাড়ীগেট এলাকায় ১০১ একর এলাকা নিয়ে মনোরম পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জন্য ভৌত অবকাঠামো, লাইব্রেরি ভবন, আধুনিক ল্যাবরেটরি ও কম্পিউটার সেন্টার, ছাত্র-ছাত্রীদের আবাসিক হল, ক্যাফেটেরিয়া, খেলার মাঠ, পুকুর, মেডিক্যাল সেন্টার, মসজিদ ইত্যাদি রয়েছে।
বর্তমানে তিনটি অনুষদের অধীনে ১৬টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ে চার সহস্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। এছাড়া দুই শতাধিক শিক্ষক, শতাধিক কর্মকর্তা এবং আড়াই শতাধিক কর্মচারী দিয়ে চলছে কুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।
আরও পড়ুন-
বিএনপির নতুন কমিটি থেকে সঞ্জিব, শিরীন ও পাপিয়ার পদত্যাগ
সাথীর মাকে সৎ মা বানানোর অপপ্রচার চলছে!
/এফএস/








