হাওর অঞ্চলের শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, কেবল পরীক্ষায় পাশ করা নয়, মানসম্মত শিক্ষা ও জ্ঞান অর্জন করে হাওর তথা দেশের উন্নয়নে তোমাদের কাজ করে যেতে হবে। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, একটা সময় ছিল যখন হাওর এলাকায় কোনও উচ্চশিক্ষিত মানুষ পাওয়া যেত না। পুরো হাওর এলাকায় কোনও শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে অনেক পাল্টে গেছে হাওর এলাকাগুলো। এখন প্রতিটি ইউনিয়নে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে।
তিনি বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে আর্থ সামাজিক ও অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে উচ্চশিক্ষিত লোকজন এখন পাওয়া যায়। ভবিষ্যতে এ হাওর এলাকা আরও এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি হাওর এলাকার কৃষকদের দুর্দশার কথা উল্লেখ করে আরও বলেন, হাওর নানা দিক থেকে ধীরে ধীরে এগিয়ে গেলেও এখানকার কৃষকের অবস্থা ভালো নয়। এখানে বছরে একটি মাত্র ফসল হয়। কিন্তু এ ফসলটিও পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রায় প্রতিবছরই অকাল বন্যাসহ নানা কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে হাওরের কৃষকদের বেশি করে ভর্তুকি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিকের সভাপতিত্বে রজতজয়ন্তী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবদুল হক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, শিক্ষা সচিব সারওয়ার হোসাইন ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান।
বক্তারা হাওর এলাকায় একটি কৃষি ও মৎস্য বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করেন রাষ্ট্রপতির কাছে।
এর আগে দুপুরে রাষ্ট্রপতি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
/টিএন/








