‘মালাউন’ বলেছি প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ছায়েদুল হক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৬, ১৪:৪৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৯:০০


ছায়েদুল হক
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক দাবি করেছেন তিনি কোনও সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্যে কোনও বক্তব্য রাখেননি। তিনি কাউকে ‘মালাউন’ বলেও গালাগাল করেননি। যদি কেউ এ বক্তব্য প্রমাণ করতে পারে তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।

রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তৃতায় মৎস্যমন্ত্রী ছায়েদুল হক দাবি করেন, নিজ নির্বাচনী এলাকার অস্থিতিশীল পরিস্থিতি সামাল দেওয়ার বদলে হিন্দুদের গালিগালাজ করে সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেওয়ার মতো অবিবেচক নন তিনি। বিষয়টিকে তিনি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক হিসেবে দাবি করে বলেন, তার শত্রুরাই এ ঘটনা ছড়াচ্ছে।
মন্ত্রীর লিখিত বক্তব্যের পর সাংবাদিকরা তার কাছে জানতে চান, নাসিরনগরে সংখ্যালঘুর ওপরে হামলার ঘটনায় প্রশাসন ব্যর্থ কিনা? এর উত্তরে তিনি বলেন, এ হামলার ঘটনায় প্রশাসন ব্যর্থ হয় নাই। সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করেছে। তারপরেও কিছু উচ্ছৃঙ্খল লোক এ ঘটনা ঘটিয়েছে।   
এর জবাবে সাংবাদিকরা তাকে বলেন কিন্তু, ওইদিন সমাবেশ করার ব্যাপারে তো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের অনুমতি দিয়েছিল। এর জবাবে তিনি দাবি করেন, ইউএনও অনুমতি দেন নাই। ওসি যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় ওসি আহত হয়েছেন।
তিনি এসময় সাংবাদিকরা অতিরঞ্জিত ও একপেশে সংবাদ প্রকাশ করছে দাবি করে তাদের ভূমিকার সমালোচনা করেন।
সংবাদ সম্মেলনে নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী দাবি করেন, ‘আমার বিরুদ্ধে দলীয়ভাবে ও দলের বাইরে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার।’
এ ঘটনার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেন তিনি। মন্ত্রী বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এ ঘটনা ঘটিয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনী এ ঘটনার তদন্ত করছে। তদন্তেই বেরিয়ে আসবে কারা কারা এ ঘটনার জন্য দায়ী।
এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, ঘটনার চারদিন পর তিনি এলাকায় এসেছেন কেন? এর উত্তরে তিনি রেগে গিয়ে বলেন, তিনি সবসময় ঘটনা পর্যবেক্ষণ করেছেন, এলাকার সংশ্লিষ্টদের কাছে সব বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। আর তিনি ঘটনার চারদিন পর নয়, তিনদিন পর এসেছেন।
পুরো সংবাদ সম্মেলনের সময়েই মৎস্যমন্ত্রীকে উত্তেজিত ও ক্রোধান্বিত অবস্থায় দেখা গেছে বলেও অভিযোগ করেছেন সাংবাদিকরা। তিনি এ সময় কিছু অসংলগ্ন কথাও বলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২৮ অক্টোবর শুক্রবার রসরাজ নামের এক সংখ্যালঘু যুবকের ফেসবুক পেজে ইসলাম ধর্ম অবমাননাকর ছবি ও স্ট্যাটাস আপলোড হওয়াকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হলেও এর প্রতিবাদে আহলে সুন্নাত নামের একটি মৌলবাদী সংগঠন সেখানে প্রতিবাদ সভা আহ্বান করে। পরে ৩০ অক্টোবর রবিবার ওই সভাকে কেন্দ্র করে এক দল মানুষ উত্তেজিত হয়ে নাসিরনগর উপজেলা সদরের অধিকাংশ হিন্দুবাড়িতে হামলা চালায় ও মন্দির ভাঙচুর করে। এ ঘটনায় সবমহলে সমালোচনার মধ্যেই অভিযোগ ওঠে স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মো. ছায়েদুল হক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজেই হিন্দু সম্প্রদায়কে ‘মালাউনের বাচ্চা’ বলে গাল দিয়েছেন।
গণমাধ্যমগুলোতে তাকে উদ্ধৃত করে বলা হয়, মন্দিরে হামলার পর মঙ্গলবার রাতে নাসিরনগরের ডাকবাংলোয় মন্ত্রী বলেছেন,  ‘মালাউনের বাচ্চারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে। আর এ ঘটনাকে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করে অতিরঞ্জিত করেছে সাংবাদিকরা। অথচ ঘটনা কিছুই নয়’।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব মহলে তীব্র সমালোচনা শুরু হলে বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়েও খতিয়ে দেখার কথা বলা হয়।   
তবে বিতর্কিত বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে মন্ত্রী ছায়েদুল হক বলেন, ‘আমি হিন্দুদের কখনোই মালাউন বলিনি। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার। আমি মালাউন বলেছি বলে যারা বলছে, তারা বিষয়টির প্রমাণ দিক। কে শুনেছে? আমি চ্যালেঞ্জ করছি।’ তবে, এর জবাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, ‘আমরা যে অভিযোগ পেয়েছি, তাতে বলা হয়েছে তিনি হিন্দুদের মালাউনের বাচ্চা বলেছেন।’

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম