বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন আগুন সন্ত্রাসী এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন জাসদ একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রবিবার সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদ আয়োজিত কর্মীসভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে গণতান্ত্রিক পরিবেশ বিঘ্ন করার অপচেষ্টা অব্যাহত রেখেছেন খালেদা জিয়া। তিনি মানুষ হত্যাসহ জঘন্য এসব ঘটনা ঘটিয়ে শেখ হাসিনার নেতৃত্বের সরকারকে বিব্রত করে বেকায়দায় ফেলতে চান।
তিনি আরও বলেন, ‘রাজাকারদের বাঁচাতে খালেদা জিয়ার নেতৃত্বে জঙ্গি মতবাদে বিশ্বাসীরা বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু বর্তমান সরকার কঠোর হাতে এসব পাঁয়তারা দমন করতে সক্ষম হয়েছে।’
আগুন সন্ত্রাস কিংবা কোনও ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে রাজাকার ও জঙ্গিদের রক্ষা করা যাবেনা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘ওপরের নির্দেশে দেশের ওই চিহ্নিত জঙ্গিগোষ্ঠী নাসিরনগরে ও গোবিন্দগঞ্জে হামলা করে আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছিল। এই জঙ্গীগোষ্ঠী শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা চালাচ্ছে না।এরা পীর ও মসজিদের ইমামের ওপরও আক্রমণ চালাতে দ্বিধাবোধ করছে না। ’
হাসানুল হক ইনু বলেন, ‘বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে রাজাকারমুক্ত করতে চায়। পাকিস্থানের অনুসারীদের রক্ষা করতে খালেদা জিয়া দেশে আগুন সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করেছে। আর তারই ধারাবাহিকতায় নাসিরনগর ও গোবিন্দগঞ্জে হামলা চালিয়েছে ওই আগুন সন্ত্রাসীরা। এ ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য গণতান্ত্রিক নির্বাচনকে বানচাল করতে চায় বিএনপি।’
কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা জাসদের সহ-সভাপতি তালুকদার হুমায়ুন কবীর, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালিদ হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্থ প্রমুখ।
/এসএনএইচ/







