গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারে আগুন লেগে আটটি ব্যবসা প্রতিষ্ঠান ও ছয়টি বাসাবাড়ি পুড়ে গেছে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুজ্জামান শেখ বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। মাওনা বাজারের ইমাম মোল্লা মার্কেট ও আবাসিক এলাকার পরিচালক ইমাম উদ্দিন মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈদ্যুতিক শট সার্কিট থেকে মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে আওলাদ হোসেনের জান্নাত পর্দা বিতান, দাদন মিয়ার আসবাবপত্রের দোকান, বিল্লাল হোসেনের অটোরিক্সা শোরুমসহ আটটি দোকানের সব মালামাল পুড়ে গেছে।’
এসময় আগুন পাশের ছয়টি বাসাবাড়িতেও ছড়িয়ে পড়লে সেখানকার সব মালামালও পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিকরা বলছেন, এতে কমপক্ষে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুজ্জামান শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
আরও পড়ুন-
এমপিওভুক্তির দাবিতে বরিশালে বেসরকারি শিক্ষকদের বিভাগীয় সমাবেশ
রাজশাহীতে ৪ জেএমবি সদস্য গ্রেফতার
/টিআর/এমএনএইচ/








