রাজশাহীর নিউ ডিগ্রি গভ. কলেজ এলাকা থেকে জেএমবির সক্রিয় সদস্য লালনের চার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, ‘চারঘাট উপজেলার গোপালপুর এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে নিষিদ্ধ ঘোষিত জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সংগঠনের সক্রিয় সদস্য আহম্মেদ বিন আব্দুল্লাহ ওরফে লালনের সহযোগী হিসেবে এই চার জঙ্গি কাজ করে আসছিল। তারা হলো পুঠিয়া উপজেলার হাড়োগাথী এলাকার মফিজ উদ্দিনের ছেলে কোরবান আলী (২৮), দুর্গাপুর উপজেলার ইউসুফপুর এলাকার নুর মোহাম্মেদের ছেলে শফিকুল ইসলাম (২০), বাগমারা উপজেলার করখন্ড এলাকার আব্দুল হান্নানের ছেলে আবু রায়হান (১৮) ও একই উপজেলার মাড়িয়া এলাকার মতিউর রহমান শেখের ছেলে মুক্তার আলী শেখ। খবর পেয়ে রাজশাহীর নিউ ডিগ্রি গভ. কলেজ এলাকা থেকে জেলা ডিবির সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।’
মনিরুল ইসলাম বলেন, ‘তারা তালিকাভুক্ত জেএমবি সদস্য কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে লালনের ইন্ধনে তারা বিভিন্ন এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে।’ তিনি আরও বলেন, ‘জঙ্গি লালন যে দুই মামলায় গ্রেফতার হয়েছিল, সেই দুই মামলাতেই এই চার জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ১১ জুন পাঁচটি হাত বোমা, বিপুল পরিমাণে জিহাদি বইসহ জেএমবি সদস্য লালনকে গ্রেফতার করা হয়েছিল। সে চারঘাট গোপালপুর গ্রামের মৃত আব্দুল্লাহ শেখের ছেলে।
আরও পড়ুন-
গাইবান্ধায় ৪ পুলিশ হত্যা মামলায় প্রভাষক ইউসুফ আলী ফের গ্রেফতার
বাস না পেয়ে রুয়েটের ক্লাস বন্ধ করলো ছাত্রলীগ!
/টিআর/এমএনএইচ/







