বাংলাদেশে যে জঙ্গিবাদ জন্ম নিয়েছে, সেই জঙ্গিবাদের মূল হোতারা আমাদের সন্তানের মস্তিষ্কে ঢোকার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে। এ কথা বলেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। হলি আর্টিজান হামলার ঘটনা স্মরণ করে তিনি বলেছেন, শিক্ষিত-সচ্ছল পরিবারের ৫ জন সন্তান ঠাণ্ডা মাথায় ২০ জন মানুষকে হত্যা করেছে। এটা ছোট বিষয় নয়।
আজ শনিবার (২৮ জানুয়ারি) সকালে মাদারীপুরে জেলা শিল্পকলা একাডেমীর তিন তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা প্রয়োজন। যারা গান গাইছেন, কিংবা কবিতা লিখছেন— তারা সবাই সংস্কৃতি চর্চা করছেন। আর যারা এগুলো শুনছেন, তারাও সৃজনশীলতার মধ্যে রয়েছেন।’
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিবাদের হোতারা আমাদের সন্তানদের মস্তিষ্কে ঢোকার চেষ্টা করছে। তারা আমাদের মন্তানদের মস্তিষ্কে জঙ্গিবাদের বীজ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সন্তানদের সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে হবে।’ সন্তানদের সংস্কৃতি মনা হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের দায়িত্ব নেওয়ার ্আহ্বান জানান আসাদুজ্জামান নূর।
১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা শিল্পকলা একাডেমী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
আরও পড়ুন-
প্রধানমন্ত্রীকে মনের কথা বলতে পারেনি ইমাম শেখ
যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন তারা ভ্রান্ত ও রাবিশ: অর্থমন্ত্রী
/টিআর/








