হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি মসজিদের জায়গা লিজ নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সবুর মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশসহ অন্তত আরও ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহততদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সবুর মিয়া উপজেলার কানাইপুর গ্রামের তকদির আলীর ছেলে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান ঘটনার এর সত্যতা স্বীকার করেছেন।
সংশ্লিষ্ট পুলিশ জানায়, জেলার নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের আব্দুল বারিকের সঙ্গে একই গ্রামের সাবেক মেম্বার ফরজ আলীর মধ্যে গ্রামের মসজিদের কিছু জায়গা লীজ নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। এর জের ধরে শনিবার (৩ জুন) দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সুবর মিয়াসহ অন্তত ২১ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় এদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হলে সুবর মিয়া মারা যান। এই খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সবুরের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
জানা গেছে, সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পরপরই প্রতিপক্ষের লোকজন পুলিশি গ্রেফতার এড়াতে গ্রাম থেকে পালিয়ে যায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান জানান, স্থানীয় একটি মসজিদের জায়গা লীজ নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এসএমএ/







