লক্ষ্মীপুর জেলার রহমতখালী খালের ওপর ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। নির্মাণের প্রথম মেয়াদকাল (এপ্রিল মাস) শেষ হলেও ব্রিজটির কাজ সম্পন্ন করতে পারেনি মাহবুব ব্রাদার্স ও জামাল এন্টারপ্রাইজ।
লক্ষ্মীপুরের ব্যবসায়ীক কেন্দ্র চকবাজার ও জেলা শহরের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে রহমতখালী খালের ওপর ৩ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান দুইটি।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ বিভিন্ন লাইন বিচ্ছিন্ন করতে সময়ক্ষেপণ ও ব্রিজের দুই পাশে জমি অধিগ্রহণ না হওয়ার কারণে কাজ ধীরগতিতে হয়েছে। কম শ্রমিক দিয়ে কাজ করার বিষয়ে তিনি বলেন, তবে আগামী ৩০ জুনের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে।
এলাকাবাসী ও ব্যবসায়ীদের অভিযোগ, ঠিকাদারদের গাফিলতির কারণেই ব্রিজ নির্মাণে বিলম্ব হচ্ছে। যেখানে ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করার কথা, সেখানে মাত্র ৪-৫ জন দিয়ে চলছে নির্মাণ কাজ।
/এনআই/







