রংপুরে জেলা প্রশাসকের সই জাল ও ভুয়া কাগজপত্র তৈরি করে ৪ শত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ঘটনার মূল হোতা অফিস সহকারী শামসুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে রংপুর র্যাব-১৩ এর একটি দল তাকে গ্রেফতার করে। শুক্রবার (৭ জুলাই) দুদক রিমান্ডের আবেদন জানাবে। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় রংপুর নগরীর স্টেশন এলাকায় অবস্থিত র্যাব-১৩ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে একথা জানানো হয়।
রংপুর র্যাব-১৩ এর প্রধান কমান্ডার আতিকুল্লা জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শামসুল ইসলামকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় শামসুল ইসলাম রংপুর ডিসি অফিসের জেএম শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। সে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষের ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে রংপুরের ডিসি অফিসের জেএম শাখার মাধ্যমে কয়েক শতাধিক ভুয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়। এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর সারাদেশে তোলপাড় শুরু হয়। এরপর ডিসি অফিসের জেএম শাখার (অস্ত্রের লাইসেন্স ই্যসু শাখা) সহকারী কমিশনার মিন্টু বিশ্বাস ও নেজারত ডেপুটি কালেক্টর খালেদা খাতুনসহ কর্মকর্তারা জেএম শাখায় তল্লাশি চালিয়ে ১৫টি আগ্নেয়াস্ত্রের ভুয়া লাইসেন্স, ১১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ভলিয়ম, নগদ ৭ লাখ ১১ হাজার টাকা এফডিআর ও ২ লাখ টাকার সঞ্চয়পত্র উদ্ধার করে।’
আতিকুল্লা আরও জানান, ‘এ ঘটনায় জেএম শাখার অফিস সহকারী সামসুল ইসলামের নামে কোতোয়ালী থানায় মামলা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। মামলাটি বর্তমানে দুদক তদন্ত করছে। ঘটনা জানাজানির পর থেকে শামসুল ইসলাম পলাতক ছিল। র্যাব এ ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে। পরে দুদক আসামিকে গ্রেফতার করার জন্য সহযোগীতা করার অনুরোধ জানালে শামসুল ইসলামকে গ্রেফতার করার জন্য অভিযান শুর করে র্যাব।’
দুদক রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোজাহার আলী বাংলা ট্রিবিউনকে জানান, ‘র্যাব গ্রেফতারের তথ্য অবহিত করেছে। শুক্রবার শামসুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’
আরও পড়নু-
৪০০ অস্ত্রের ভুয়া লাইসেন্স: এখনও অধরা অফিস সহকারী শামসুল
রংপুরে ডিসির সই জাল করে চারশ’ অস্ত্রের লাইসেন্স!
/এনআই/







