বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাচারের সময় ১১টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বেনাপোল বন্দরের কাস্টম শুল্ক গোয়েন্দা। শনিবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে আটক করা এই স্বর্ণের পরিমাণ ২ কেজি ৭শ ৫০ গ্রাম। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার আব্দুস সাদিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক নারীর নাম রোকসানা বেগম (৩৩)। তার বাবা আবুল হোসাইন, ঢাকার ওয়ারীর মানিকনগরে। রোকসানার পাসপোর্ট নম্বর ডিজে০৪৯৯২১৯।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আব্দুস সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেনাপোল কাস্টমসের চেকপোস্ট দিয়ে রোকসানা বেগম পার হওয়ার সময় গোয়েন্দাদের সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছে স্বর্ণের ১১টি বার পাওয়া যায়। এর পরিমাণ পৌনে তিন কেজি।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (শনিবার সকাল ১১টা) রোকসানা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হবে। আব্দুস সাদিক জানান, উদ্ধার করা স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার (১৪ জুলাই) সকালেও বেনাপোল বন্দর থেকে ভারতে পাচারের সময় স্বর্ণের পাঁচটি বারসহ একজনকে আটক করা হয়।
আরও পড়ুন-
চট্টগ্রামে এক ভারতীয় শিক্ষার্থীর হাতে আরেক ভারতীয় খুন
‘আল্লাহ আমাগোরই খালি বিপদ দেয়, তাগোর তো কিছু অয় না’
/টিআর/








