ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল করেছেন পঞ্চগড় জেলার ৩৬টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জেলার বোদা উপজেলার পুটিমারী ছিটমহলের পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের জেমজুট এলাকায় এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। আনন্দ মিছিলটি পুটিমারি ছিটমহলের অস্থায়ী শহীদ মিনার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মো. মফিজার রহমান, শালবাড়ি ছিটমহলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পুটিমারী ছিটমহলের সাবেক চেয়ারম্যান তছলিমউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে, বিলুপ্ত পুটিমারী ছিটমহলের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
সোমবার রাত ১২টা ১ মিনিটে ছিটমহল বিনিময়ের দুই বছর উদযাপন উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার গাড়াতি ছিটমহল এলাকার মফিজার রহমান কলেজ মাঠের শহীদ মিনারের বেদীতে দু’টি মশাল ও ৬৮টি মোমবাতি জ্বালানো হয়। এসময় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সবার মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।
এসময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, নাগরিক অধিকার সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মো. মফিজার রহমান, পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার, কলেজের অধ্যক্ষ মো. নূর উল্লাহ্সহ শতাধিক বিলুপ্ত ছিটমহলবাসী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
‘হামরা খুব খুশি, ম্যালা কিছু পাছি’
‘এখন পরিচয় দেই, আমরা বাংলাদেশি’
পঞ্চগড়ে ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি উদযাপন
মোমবাতি জ্বালিয়ে ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি উদযাপন
‘বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা চাকরিতে বিশেষ কোটা পাবেন’
নীলফামারীতে ছিটমহল বিনিময়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা
/টিআর/







