নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবাসিক বৃত্তিমূলক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২ আগস্ট) বিকালে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ীতে প্রশিক্ষণ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি না। বরং মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে। গণমাধ্যম ও প্রযুক্তির কারণে যেখানেই ঘটনা ঘটছে, সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে যাচ্ছি। অপরাধীরাও নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে। তবে এদের সংখ্যা খুবই কম।’
প্রতিমন্ত্রী বলেন, ‘কোনও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সরকার ব্যবস্থা নিচ্ছে। সরকারের আন্তরিকতা ও উদ্যোগের কারণেই শিশুশ্রম ও শিশু নির্যাতন কমে এসেছে। শিশু নির্যাতন শুন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।’ এসময় নিজেদের সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহাজালাল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, ট্রেনিং সেন্টার নির্মাণ শীর্ষক প্রকল্প পরিচালক মো. আবুল কাশেম, নারায়ণগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াছমিন, ডা. সায়মা আফরোজ ইভা ও আড়াইহাজার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অঞ্জুমান আরা প্রমুখ।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের আফরোজ চুমকি। জনসভায় তিনি সবাইকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন-
কালীগঞ্জে সাবেক এমপি’র ছেলে খুনের ঘটনায় মামলা
ধর্ষণের পর প্রতিবন্ধী কিশোরীকে ট্রাকেই ফেলে পালায় চালক-হেলপার
/টিআর/







