বগুড়ার শাজাহানপুরের বয়ড়াদীঘি মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় এক কেরানি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় হামলাকারীর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। খরনা ইউনিয়নের সদস্য বিপুল সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের চন্ডিবর গ্রামের সোলায়মান মণ্ডলের ছেলে মোতালেব হোসেন (২৪) শাকপালা এলাকায় হাজী জহির উদ্দিন মডার্ন উচ্চ বিদ্যালয়ে কেরানি কাম নৈশ প্রহরির চাকরি করতেন। তিনি বুধবার বিকাল ৪টার দিকে স্কুল থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। শাকপালা স্ট্যান্ডের দক্ষিণে বগুড়া-নাটোর মহাসড়কের বড়য়াদীঘি মোড়ে পৌঁছলে ওই এলাকার আনোয়ার হোসেনের (২২) বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। আশপাশের লোকজন এসে তাদের মধ্যে মিমাংসা করে দেন। মোতালেব একটু পর বয়ড়াদীঘি রাস্তার মোড়ে পৌঁছলে সেখানে লুকিয়ে থাকা আনোয়ার হোসেন কাঠের বাটাম দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, মারা যাওয়ার আগে মোতালেব তার স্বজনদের জানান, তিনি আনোয়ারকে রাস্তায় দেখেশুনে চলার পরামর্শ দেওয়ায় তাকে মারপিট করেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, হামলার সময় উপস্থিত আনোয়ারের বাবা মহরম আলীকে (৫০) গ্রেফতার করা হয়েছে। তবে আনোয়ারকে পাওয়া যায়নি।
/এসএনএইচ/








