গাজীপুরের শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামে প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এক কৃষকের পরিবার। পরিবারটি জানায়, প্রায় ২০ দিন ধরে তারা বাড়ি ফিরতে পারছে না। পরিবারটির অভিযোগ, থানায় মামলা করা হলেও পুলিশ এখনও আসামিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।
ভুক্তভোগী পরিবারটির সদস্যরা জানান, গলদাপাড়া এলাকার কালা মিয়ার ছেলে শফিকুল ইসলাম, মৃত সামসুদ্দিন শেখের ছেলে মোহাম্মদ আলী, হাছেন আলী, কালা মিয়ার ছেলে হালিম উদ্দিন, হাছেন আলীর ছেলে মুজিবুর রহমানের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে। এর জেরে গত ৫ আগস্ট রাত দুইটার দিকে প্রতিপক্ষ তাদের বাড়িতে হামলা চালায় এবং কৃষক শহর আলী (৪৫), তার স্ত্রী ঝর্ণা বেগম (৩৫), ছেলে জাহিদুল ইসলামকে (১৮) পিটিয়ে আহত করে। ওই সময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন শহর আলী শ্রীপুর থানায় মামলা করেন।
জাহিদুল ইসলামের অভিযোগ, তার মা ঝর্ণা বেগম এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর তার বাবা শহর আলী হাসপাতালে ভর্তির পর দিন দুয়েক পরে সুস্থ হয়ে উঠলেও বাড়ি ফিরতে পারছেন না। কারণ, মামলা তুলে না নিলে তাদের বাড়ি ফিরতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘অভিযুক্তদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছি। শিগগিরই আসামিদের গ্রেফতার করা হবে।’







