বর্তমান সরকার বন্যাদুর্গত মানুষের পাশে নেই বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, ‘সরকার ও সরকার দলীয় নেতাদের কাছে কোটি কোটি টাকা থাকলেও তারা জনগণের দুর্দিনে এগিয়ে আসছে না, তারা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে না।’
শুক্রবার (২৫ আগস্ট) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে এক ত্রাণ বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন- গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সংগঠনটির কার্যকরী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, বিকল্পধারার সাধারণ সম্পাদক (অব.) আব্দুল মান্নান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, আকম শফিকুল ইসলাম প্রমুখ।
বি চৌধুরী বলেন, ‘সরকার জনগণের ট্যাক্স ও বিদেশ থেকে চেয়ে-চিন্তে পাওয়া টাকা দিয়ে বড় অঙ্কের বাজেট করেছে। সরকার দলীয় অনেক নেতা কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আর তাতে জনগণের কোনও লাভ হয়নি। তাদের কারণে দেশের বড় ধরনের বৈষম্য তৈরি করবে।’
ড. কামাল হোসেন বলেন, ‘জনগণ এদেশের ৫৫ হাজার বর্গমাইলের মালিক বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষর করে দিয়ে গেছেন; এটা সবার জানা দরকার। এ দেশের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এটা ধরে রাখার দায়িত্ব আমার-আপনার-সবার।’








