নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবি জানালে মালিকপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বুধবার (৩০ আগস্ট) সকালে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই বিক্ষোভ শুরু করেন। এদিকে, মালিকপক্ষ বলছে, বৃহস্পতিবার শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হবে। আর সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শ্রমিকরা বিক্ষোভ করলেও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেনি।
জানা গেছে, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিথী ফ্যাশন গার্মেন্ট কারখানায় কাজ করেন দুই শতাধিক শ্রমিক। তাদের অভিযোগ, গত দু’মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস চাইতে গেলে মালিকপক্ষের লোকজন শ্রমিকদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে শ্রমিকরা মহাসড়কে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকদের ওপর হামলার ঘটনায় শ্রমিক লুৎফর রহমান, সোহাগ মিয়া, খোকন হোসেন, আবু সাঈদ, মানসুরা আক্তার, তানিয়া আক্তার ও জোৎসনা বেগমসহ কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা একত্রিত হয়ে কারখানায় ভাঙচুর চালায়।
কারখানার শ্রমিক আনিসুর রহমান বলেন, ‘শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস চাইতে গেলে কারখানার মালিক আমাদেরকে চাকরিচ্যুত করবে বলে হুমকি দেয়। এসময় মূল ফটকে তালা লাগিয়ে দেয়। পরে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়। গত দুই মাসের বেতন-ভাতাও পরিশোধ করেনি মালিকপক্ষ।’
শ্রমিক মানসুরা জানান, ঈদুল আজহার মাত্র দুই দিন বাকি থাকলেও তাদের গত দুই মাসের বেতন ও ঈদের বোনাস দেয়নি কারখানা। তাই তারা আন্দোলনে নেমেছেন।
শ্রমিক জোৎসনা বেগম ও ফাতেমা আক্তার বলেন, ‘মালিকপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে আহত করেছে। আমরা এর বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে বিথী ফ্যাশন গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস বৃহস্পতিবার (৩১ আগস্ট) পরিশোধ করা হবে। কিন্তু শ্রমিকরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং কারখানার গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করেছে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ‘বিথী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়কে নামার চেষ্টা করলে তদেরকে সরিয়ে দেওয়া হয়। মহাসড়ক অবরোধের কোনও ঘটনা ঘটেনি।’
শিল্পাঞ্চল পুলিশ-৪-এর সোনারগাঁও জোনের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘বেতনের দাবিতে বিথী ফ্যাশনের কারখানায় ঝামেলা হয়েছিল। কয় মাসের বেতন বাকি আছে, তা জানা নেই। পরে জানতে পেরেছি শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের মীমাংসা হয়ে গেছে।’
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনূর ইসলাম বলেন, ‘এ বিষয়ে শ্রমিকদের লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ দিলে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’








