মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন বন্ধের দাবিতে রাজশাহীতে বিএনপির মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করতে গিয়ে পুলিশি বাধার মুখে ফিরে আসেন বিএনপি নেতারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মানববন্ধনের আগে থেকেই সাহেব বাজার জিরো পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকাল সোয়া ৫টার দিকে মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সাহেব বাজার বড় মসজিদের কাছে জড়ো হন। সেখান থেকে জিরো পয়েন্টে সড়কের পাশে গিয়ে মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন পুলিশকে মানববন্ধন করার অনুমতি দিতে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ রাজি না হওয়ায় পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বুলবুল। এরপর নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।
এসময় মোসাদ্দেক হোসেন বুলবুল মানববন্ধন করতে না দেওয়ায় পুলিশ ও বর্তমান সরকারের নিন্দা জানিয়ে বলেন, ‘একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের উচিত আরেকটি স্বাধীন দেশের নাগরিকদের বিপদে সহযোগিতা করা। আমরা অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চাই।’
বিএনপির মানববন্ধনে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সোহরাওয়ার্দী হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ বাধা দেয়নি। আমরা আমাদের অবস্থান নিয়েছিলাম। তারা ভেতরের দিকে মানববন্ধন করেছে। সড়কে যেন কোনও ধরনের সমস্যা বা বিশৃঙ্খলা না হয়, আমরা সেটিই দেখছিলাম।
আরও পড়ুন-
তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে: মায়া
ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তবুও ঠাকুরগাঁওয়ে কমছে না চালের দাম








