নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে চার জেলায় ১১ জনকে কারাদণ্ড ও চার জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ জেলায় সাড়ে ১২ কেজি ইলিশ ও ২৯ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
ইলিশ প্রজনন মৌসুমে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ ধরা, বেচাকেনা, পরিবহন, মজুত ও বিনিময় করা যাবে না। এ নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, রবিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে এ জেলার কুমারখালীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে পুলিশ। পরে তাদের প্রত্যেককে একমাসের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জেলেদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেন।
একই প্রতিনিধি আরও জানান, সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে জেলার দৌলতপুরে তিন জেলেকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১২শ’ মিটার কারেন্ট জাল ও ৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়। দৌলতপুর মৎস্য কর্মকর্তা মো. আবু সামা এ তথ্য নিশ্চিত করেন। দণ্ডিত জেলেরা হলেন, বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের নুরু কারিগরের ছেলে রাজ্জাক (৫০), নবীর উদ্দিনের ছেলে আবুল কালাম (৪৫) ও আকুল মন্ডলের ছেলে কামরুজ্জামান (৪০)।
আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, রবিবার (১ অক্টোবর) রাতে বাউফলের তেতুলিয়া নদীতে ইলিশ মাছ ধরায় পাঁচ জেলেকে জেল-জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দু’জনকে এক বছর করে কারাদণ্ড ও তিন জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় ১০ লাখ টাকা মূল্যের দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে ফেলা হয়। বাউফল মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। কারাদণ্ডে দণ্ডিত দুই জেলে হলেন— শাকির খলিফা ও মো. ইউনুস মোল্লা। তাদের বাড়ি পটুয়াখালীর দশমিনার কাটাখালী গ্রামে। আর জরিমানার দণ্ড পাওয়া তিন জেলে হলেন— মো. ইমরান হোসেন, দুলাল মালি ও রমজান ব্যপারি। তাদের বাড়ি বাউফলের কালাইয়া এলাকায়।
বরিশাল প্রতিনিধি জানান, গৌরনদীতে ১০ কেজি ইলিশসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে তিন হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস এ তথ্য জানান।
চট্টগ্রাম ব্যুরো থেকে পাঠানো খবরে বলা হয়, ইলিশ মজুদ করে রাখার দায়ে এ জেলায় ওসমান গণি নামের এক নৌযান মালিককে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ওই নৌযানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। ওসমান গণি ‘এফবি মা’ নামে একটি নৌযানের মালিক। সোমবার অভিযানের সময় ওই নৌযানে ৯১ কেজি ইলিশ মাছ পান ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বাংলা ট্রিবিউনকে একথা জানান।
আমাদের রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, সোমবার (২ অক্টোবর) ও রবিবার (১ অক্টোবর) এ জেলার বাঘা উপজেলার পদ্মা নদী থেকে আটশ’ মিটার রাক্ষুসে ও কারেন্ট জাল এবং সাড়ে তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম এ তথ্য জানান।








