নারায়ণগঞ্জের বন্দরে প্রেমিককে বেঁধে রেখে তার সামনেই তিন তরুণ মিলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবদুল লতিফ (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) রাতে বন্দরের দেওয়ানবাগীর আস্তানার পেছনে ছোটবাগ এলাকার একটি পরিত্যক্ত বাগানে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার তরুণী সোমবার (৯ অক্টোবর) বন্দর থানায় মামলা করেছেন।
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, ‘ধর্ষণের ঘটনায় আবদুল লতিফকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তরুণীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বন্দরের দেওয়ানবাগ এলাকার মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে মাসুদ ওই তরুণীর প্রেমিক। তার সঙ্গে দেখা করার জন্য তিনি ছোটবাগ এলাকায় যান। সেখানে দুই জনে বসে কথা বলার সময় ছোটবাগ এলাকার মজনু মিয়ার ছেলে লিটন, দেওয়ানবাগ এলাকার সুরুজ মিয়ার ছেলে সুজন ও পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার বরভারী গ্রামের মৃত গিয়াসের ছেলে দেওয়ানবাগ এলাকার ভাড়াটিয়া আবদুল লতিফ তাদের আটক করেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে একটি পরিত্যক্ত বাগানে নিয়ে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। প্রেমিক-প্রেমিকার কাছে চার হাজার টাকা ছিল। সন্ত্রাসীরা চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে বাকি ৬ হাজার টাকার জন্য প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে রাতভর তাকে ধর্ষণ করা হয়। সোমবার সকালে এলাকাবাসী প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে।







