‘ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি’ স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে মানিকগঞ্জে।
এ উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও খামারবাড়ির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আলীমুজ্জামান মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আব্দুল মতিন ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহাদাত খন্দকার।
র্যালিটি সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এরপর পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।








