বরিশাল অঞ্চলের অনেক ব্যাংক এসএমই ঋণ বিতরণে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ পরিস্থিতির বদল ঘটিয়ে এসএমই খাতের ঋণে বিতরণে ব্যাংকগুলোকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাংগুলোকে নারী উদ্যোক্তা তৈরির আহ্বানও জানিয়ে তিনি বলেন, ‘ব্যাংকের প্রতিটি শাখাকে ন্যূনতম একজন করে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে।’
বুধবার (২৫ অক্টোবর) বিকালে বরিশাল ক্লাবে ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির এসব কথা বলেন।
মতবিনিময় সভায় গভর্নর বলেন, ‘দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে। সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ও এসডিজি লক্ষমাত্রা অর্জনের জন্য ব্যাংকগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
দেশের দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেকানও স্থানেই উন্নয়নে ব্যাংকের ভূমিকা অপরিসীম। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে এসএমই ঋণ বিতরণ করলে তারা নিজেরা স্বাবলম্বী হয়ে অন্যদের জন্যও কর্মসংস্থান তৈরি করতে পারে। এর মাধ্যমে অর্থনীতিতে তারা ভূমিকা রাখতে পারে। আর নারীরা দেশের অর্ধেক জনগোষ্ঠী। তাই নারী উদ্যোক্তা তৈরি করা গেলে অর্থনীতি গতিপ্রাপ্ত হবে। এসব বিষয়ে ব্যাংকগুলো মনোযোগী হলে তারা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।’
বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিম। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন ইসলামী ব্যাংক বরিশাল জোনের প্রধান মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে ৩৪টি ব্যাংকের পক্ষ থেকে ৩৩ জন পুরুষ ও ১০ জন নারী উদ্যোক্তাসহ মোট ৪৪ জন এসএমই গ্রাহকের মধ্যে ৩৮ কোটি টাকা ঋণ বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ অতিথিরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সোহরাওয়ার্দী, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল আলম, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা প্রমুখ।
আরও পড়ুন-
‘বিএনপিকে দমিয়ে রাখা যাবে না’
ঝিনাইদহে আওয়ামী লীগের হরতালবিরোধী সমাবেশ








