বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশের পর বাগেরহাট শহরের ভিআইপি মোড় এলাকার খানজাহান আলী পলেটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা তাদের উপবৃত্তির সম্পূর্ণ টাকা পেয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে অগ্রণী ব্যাংকের বাগেরহাট শাখা থেকে ৩২ জন শিক্ষার্থী এই টাকা উত্তোলন করেন। বাকি শিক্ষার্থীরা মঙ্গলবার টাকা উত্তোলন করবেন বলে জানা গেছে।
রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেয় শিক্ষার্থীরা। খবরটি বাংলা ট্রিবিউনে ছবিসহ প্রকাশিত হয়।
শিক্ষার্থী শেখ রাজু জানান, সরকারিভাবে তাদের প্রত্যেকের নামে বরাদ্দ দুই সেমিস্টারের ৯ হাজার ৬শ’ টাকা না দিয়ে কলেজ কর্তৃপক্ষ ৫ হাজার টাকা কেটে রেখে তাদের মাত্র ৪ হাজার ৬শ’ টাকা দেওয়ার চেষ্টা করে। এঘটনায় শিক্ষার্থীরা আন্দোলন করে। এর আগে আগে খানজাহান আলী পলেটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন রকম প্রতারণার অভিযোগে ওই কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন।
আরও পড়তে পারেন: উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের তালা








