কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, দলীয় সরকারের অধীনে এই দেশে নির্বাচন হবে না। সরকার পাশের দেশকে অনুসরণ করে স্বেচ্ছাচারের রাজত্ব কায়েম করে চলেছে। তাই আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার দুপুরে বরিশালের নগরের সদর রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের জন্য প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবর রহমান সরোয়ার বলেন, বিএনপি’র সূচনায় ৭ নভেম্বর দিনটি গুরত্ব বহন করে। তাই সবাই মিলে দিবসটি পালন করতে হবে।
প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল আহসান রতন, প্যানেল মেয়র তাসলিমা কামাল পলি, সাবেক কাউন্সিলর আয়সা তৌহিদ লুনা প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে শ্রমিক দল,যুবদল ছাত্রদলসহ দলীয় অঙ্গ সংগঠনগুলো ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে। এদিন সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা করবে জেলা ও মহানগর শ্রমিক দল। পরদিন ৮ নভেম্বর আশ্বিনী কুমার হলে মহানগর যুবদল এবং ৯ নভেম্বর একই হলে আলোচনা সভা করবে মহানগর বিএনপি।








