মেরামতের কাজ শেষে রূপগঞ্জের কাঞ্চন সেতু আগামী ৯ নভেম্বরের পর খুলে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন কাঞ্চন সেতুর টোল প্লাজার প্রকল্প পরিচালক কারিবুল ইসলাম। তিনি জানান, কাঞ্চন সেতুর এক্সপানসন জয়েন্টগুলোর অবস্থা একেবারেই নাজুক হয়ে যাওয়ায় গত মাসের মাঝামাঝি সময় থেকে কাঞ্চন সেতুর মেরামতের কাজ শুরু হয়। সোমবার রাত ১০টা থেকে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
আগামী বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
এদিকে সেতুর ওপর দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়ায় সোমবার রাত থেকেই উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কের স্থানে এবং রূপগঞ্জ-মুড়াপাড়া ফেরীঘাটের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন সেতুর এক্সপানসন জয়েন্ট প্রতিস্থাপন, সেতুর ওপর সড়ক মেরামত ও টোলপ্লাজার মধ্য দিয়ে চলাচলরত রাস্তা সংস্কার কাজের জন্য গত ১৪ অক্টোবর থেকে এক লেনে যানবাহন চলাচল শুরু করে। এর মধ্যে গত ২৩ অক্টোবর রাত ১০টা থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এক লেনের মেরামতের কাজ শেষ করার জন্য সেতুতে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। গত ২৭ অক্টোবর সকাল থেকে আবার এ লেনে যান চলাচল শুরু করে। এদিকে সেতুর আরেকটি লেন মেরামতের কাজ সম্পন্ন ও টোল প্লাজার টোল ঘর মেরামতের জন্য ফের ৬ নভেম্বর রাত ১০টা থেকে ৯ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত ফের পুরোপুরি যানবাহন চলাচল গণবিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করে দেয় সড়ক ও জনপদ অধিদফতর নারায়ণগঞ্জ।







