মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি, তৎকালীন বিডিআর) দুই বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ ও ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে জেলার ফেনী ৪ বিজিবির ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কীতে দাগনভূঞান জায়লস্করে বর্ডার গার্ড ব্যাটলিয়ান সদর দফতরে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খাজা মো. মঈন উদ্দিন মিয়া প্রমুখ।
৪
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ১৯৪৮ সালের ৮ নভেম্বর পিলখানা ঢাকায় তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস পরিবারে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের আত্মপ্রকাশ ঘটে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই ব্যাটালিয়ন প্রত্যক্ষভাবে অংশ নেয়। সম্মুখ সমরে এই ব্যাটালিয়নের সদস্য বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখসহ ২৬ সদস্য শহীদ হন। প্রতিবছর তাই ৮ নভেম্বর দিনটিকে আমরা বিশেষ মর্যাদায় পালন করে থাকি। এ বছর দুই বীরশ্রেষ্ঠের পরিবারকে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত।
ফেনীস্থ ৪ বিজিবির ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কীতে শিখা প্রজ্জালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। প্রীতিভোজসহ আরও বিভিন্ন আয়োজন ছিল এই দিনটি উপলক্ষে।







