নাটোর শহরের বাহাদুর শাহ পার্কে বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে দায়ের করা মামলায় নাটোর পৌর মেয়রসহ অভিযুক্ত দুই আসামিকে কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার সময় আদালত এই নির্দেশ দেন। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার বিকালে নাটের পৌর এলাকার তিন বাসিন্দা মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, মামলার শুনানি শেষে সোমবার পৌনে ৭টার দিকে সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক আসাফ উদ দৌলা আসামি নাটোর পৌর মেয়র ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে এই কারণ দর্শানোর নোটিশ পাঠানোর নির্দেশ দেন। ১০ দিনের মধ্যে আদালত কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পৌর মেয়র উমা চৌধুরী জলি বাদীর দাবি করা প্রতারণার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘বাহাদুর শাহ পার্কের জায়গাটি ‘ক’ তফসিলভুক্ত। পৌরসভার আওতাধীন বলেই জমিটি ‘ক’ তফসিলভুক্ত রেখেই পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’ আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নোটিশ পাওয়ার পরই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন তিনি।








