৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের মূলমন্ত্র হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ‘১৯৭১ সালের ৭ মার্চ মহান মুক্তিযুদ্ধের সময় সোহরাওয়ার্দী উদ্যোনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ দেশের প্রতিটি মানুষকে আলোড়িত করেছিল। আর সেই ভাষণই পরবর্তীতে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র হিসেবে কাজ করেছে।’
শনিবার (২৫ নভেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্ধারিত সময়ে এলেন এবং ধীর পায়ে মঞ্চে উঠলেন। লাখো জনতার দিকে তাকালেন। ১৮ মিনিট ভাষণ দিলেন। যা ছিল ১৮ মিনিটের মহাকাব্য। সেদিনের সেই জ্বালাময়ী ভাষণই বাংলার মুক্তিকামী মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ায় উদ্বুদ্ধ করেছে।’
আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুহা. মুশফিকুর রহমান সভাপতিত্ব করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হোসেনের পরিচালনায় আনন্দ শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান, আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক-সাংস্কৃতিক-ক্রীড়া ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজতৈনিক নেতারা উপস্থিত ছিলেন।







