রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে তাকে এ জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ এ তথ্য নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে নগরীর প্রাণকেন্দ্র পায়রা চত্বরে সরফুদ্দিন আহমেদ ঝন্টুর মেয়র থাকাকালে করা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রজেক্টরের সাহায্যে দেখাচ্ছিলেন তার সমর্থকরা। গোপনে এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ঘটনাস্থলে হাজির হন এবং প্রজেক্টরসহ অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতি জব্দ করেন। একইসঙ্গে ঝন্টুকে দুই হাজার টাকা জরিমানা করেন। একইভাবে নগরীর মাহিগজ্ঞ খাসবাগ এলাকায় ঝন্টুর সমর্থনে পথসভা করার সময় ভোটারদের মাঝে খাবার বিতরণ করায় তাকে (ঝন্টু) আরও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ জানান, ব্যস্ত এলাকায় প্রজেক্টর দিয়ে প্রচারণা ও ভোটারদের মাঝে খাবার বিতরণ নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। তাই ঝন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।








