বাগেরহাটের মোরেলগঞ্জে বিবদমান একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও আট জন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালী বিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— আমবাড়িয়া গ্রামের শাজাহান শেখের ছেলে পলাশ শেখ (৩২) ও পাতাবাড়িয়া গ্রামের তোরাব আলী শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩৮)।
আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক দুই জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি রাসেদুল ইসলাম ঘটনার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি পলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’
আরও পড়ুন-
ঝন্টুর পরাজয়ের পেছনে দলের সঙ্গে সমন্বয়হীনতা, জনগণের সঙ্গে দূরত্ব
স্বীকৃতি পাওয়ার আগেই চলে গেলেন মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব







