রাজশাহীর তানোর উপজেলায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তানোর উপজেলার কামারগাঁ ইউপি এলাকার এক মাদ্রাসাছাত্রীর (১৪) সঙ্গে নওগাঁর মান্দা উপজেলার কামারকুড়ি গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ রানার (২২)বিয়ে ঠিক হয়। শনিবার দুপুরে কনের বাড়িতে বিয়ে প্রস্তুতি চলছিল।
এ খবর পেয়ে তানোর থানার উপ-পরিদর্শক (এসআই ) নাজমুল হক বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে কনের পিতাকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনার খবর পেয়ে বরপক্ষ চৌবাড়িয়া পর্যন্ত এসে ফেরত চলে যান।
পরে তানোর উপজেলা সমাজসেবা অফিসার থানায় গিয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে দেবেন না শর্তে ছাত্রীর পিতাকে স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় ছেড়ে দেন।








