দেশের উন্নয়নের জন্য মানুষকে এগিয়ে নিতে হবে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে শহরতলির নওদাপাড়ায় ‘হোটেল মম ইন’ –এ দরিদ্র প্রতিবন্ধীদের মধ্যে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফজলে রাব্বী মিয়া বলেন, ‘দেশের উন্নয়নের জন্য মানুষকে এগিয়ে নিতে হবে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-এর সব সূচক বাংলাদেশ অর্জন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারার বাহিরে রাখা যাবে না। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।’
প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধীরা প্রশিক্ষণ নিয়ে জনসম্পদে পরিণত হয়েছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস-এর (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) পরিচালক সোহরাব আলী খান। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর (পিকেএসএফ) উপ-পরিচালক কামরুজ্জামান খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে এ সংস্থার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) গোলাম তৌহিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া আব্দুল জলিল, পিকেএসএ-এর উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) একেএম নূরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলীমুর রাজী, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি এমএইচএম শাহজাহান তরু প্রমুখ বক্তব্য রাখেন।








