`আমার বাড়ি আমার ঘর, ফুল চাষে স্বনির্ভর’ প্রতিপাদ্য নিয়ে পাবনায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী পুষ্পমেলা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পাবনার কৃষি সম্প্রসারণ অধিদফতর খামার বাড়ি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
পরে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদফতর খামার বাড়ি পাবনার উপ-পরিচালক বিভূতি ভূষণ সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।
জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা নার্সারি মালিক সমিতির আয়োজনে মেলায় দশটি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। আগামী ৮ই ফেব্রুয়ারি মেলা শেষ হবে।








