কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁয় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এরপর পুলিশের বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছে তারা।
জানা যায়, শুক্রবার দুপুরে পুরাতন কালেকটরেট চত্বরের সামনে থেকে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ বেষ্টনীর মধ্যে শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লে. কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খান, জেলা বিএনপি সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক ও ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, পৌর বিএনপির আহ্বায়ক নাছির উদ্দীন আহমেদ, জেলা বিএনপি সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আলমসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এ ব্যাপারে এএসপি ফারজানা হক বলেছেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।’








