বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী বাজারে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে আসাদুল হাবিব দুলু বলেন, ‘খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এক তরফা নির্বাচন হতে দেওয়া হবে না।’
সাবেক এই উপমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে। তা না হলে যেকোনও পরিস্থিতি তৈরি হবে এবং এর দায় সরকারকেই বহন করতে হবে।’
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন– জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।







