কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ মনির হোসেন হত্যা মামলাটি তদন্তের জন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। সোমবার (২৬ মার্চ) রাতে জেলার তিতাস থানা পুলিশ মামলার যাবতীয় নথি ডিবির কাছে হস্তান্তর করে। মামলাটি তদন্ত করছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুর আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, হাজী মনির জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। গত শনিবার (২৪ মার্চ) রাত পৌনে ৯টার দিকে তিনি তিতাস উপজেলার ভাটিপাড়া গ্রামে বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা গুলি চালিয়ে হাজী মনিরকে হত্যা করে।
এ ঘটনায় পরদিন রবিবার (২৫ মার্চ) রাতে নিহতের বড় ছেলে অ্যাডভোকেট মো. মুক্তার হোসেন নাঈম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
আজ মঙ্গলবার (২৭ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি এ কে এম মঞ্জুর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের নির্দেশে ডিবির একাধিক টিম হত্যাকাণ্ডের অনুসন্ধান শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত আছে। এরই মধ্যে ওই মামলায় নবীর হোসেন নামে এজাহারনামীয় একজনকে গ্রেফতার করা হয়েছে।’ বাকি আসামীদের গ্রেফতার করতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
পান ব্যবসায়ীর ব্লেডের আঘাতে তিন পুলিশ আহত
সাতক্ষীরায় বিজিবি’র গুলিতে হুন্ডি ব্যবসায়ী আহত, ১০ লাখ টাকা উদ্ধার








