ডাক-টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী ২০ বৎসরের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার সব চেষ্টা করছে। বাংলাদেশের সাফল্য দেখে পৃথিবীর অনেক অনুন্নত দেশই এখন আমাদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে। তাই আমাদের শিক্ষার্থীদের সব চেয়ে মূল্যবান সম্পদ হিসেবে জ্ঞান অর্জন করতে হবে। আর বইপড়ার মধ্য দিয়েই এই জ্ঞান লাভ করা সম্ভব।
বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আশাপ্রকাশ করে বলেন, স্বাধীনতার কাঙ্ক্ষিত স্বপ্ন আমাদের তরুণরাই বাস্তবায়ন করবে। পৃথিবী এখন মেধার ওপর নির্ভরশীল। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই তরুণ সমাজ আমাদের দেশটাকে বদলে দিবে। বাংলাদেশ বিশ্বের কাছে একটি মডেল দেশ হবে।
নেত্রকোনার হাওরাঞ্চলকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে দাবি করে মোস্তাফা জব্বার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আগামী জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জেতানোরও আহ্বান জানান তিনি।
খালিয়াজুরি কলেজ মাঠে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া জব্বার। অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য আয়শা আক্তার, সদস্য গোলাম আবু ইছহাক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তীসহ স্থানীয় নেতৃবৃন্দ।








