জঙ্গি মামলার আইনজীবী নিখোঁজ: প্রাণনাশের হুমকির পরও পদক্ষেপ নেয়নি পুলিশ

লিয়াকত আলী বাদল, রংপুর
৩১ মার্চ ২০১৮, ১৪:৫৬আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৫:৩৪

জাপানি নাগরিক ওসি কুনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় সরকার পক্ষের প্রধান আইনজীবী ও রংপুর বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা শুক্রবার সকাল থেকে নিখোঁজ। এখন পর্যন্ত তার কোনও সন্ধান পায়নি পুলিশ। স্বজন ও সহকর্মীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি পুলিশকে জানানোর পরও তারা নিরাপত্তার ব্যবস্থা নেয়নি।

নিখোঁজের সংবাদ পেয়ে এলাকাবাসীর বিক্ষোভ আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিককে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে নগরীর স্টেশন এলাকায় রেল লাইন ও সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও এলাকাবাসী। রথিশ চন্দ্র রংপুর বিশেষ জজ আদালতে সরকার পক্ষে জঙ্গিদের বিরুদ্ধে দায়ের হওয়া দু’টি মামলা পরিচালনা করছিলেন। তিনি জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলামের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী ছিলেন। ওই মামলার রায়ে আজাহারুলের ফাঁসির আদেশ হয়েছে।

নিখোঁজ আইনজীবীর স্ত্রী দীপা ভৌমিক জানান, শুক্রবার সকাল ৬টার দিকে তাদের রংপুর নগরীর আলমনগর বাবু পাড়া এলাকার বাসা থেকে বাবু সোনাকে কেউ ডেকে নিয়ে যায়। এসময় তিনি ঘরে কাজ করছিলেন। কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘বাইরে যাচ্ছি দুপুরের আগে বাসায় ফিরবো।’ এরপর পাঞ্জাবি পড়া এক ব্যক্তির লালরঙের মোটরসাইকেলে চড়ে চলে যান। মোটরসাইকেলে কে বা কারা এসেছিলো তা তিনি জানেন না।

তিনি আরও জানান, সাধারণত বাবু সোনা সকাল ৮/৯ টার দিকে বাসা থেকে বের হন। তিনি যাওয়ার পর সকাল ৭টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তখন আমরা ভেবেছি হয়তো কোনও জরুরি মিটিংয়ে আছেন, সে জন্য ফোন বন্ধ। কিন্তু দুপুর ৩টার পরেও তার ফোন বন্ধ পাওয়ায় আমরা বিভিন্ন স্বজনের সঙ্গে যোগাযোগ করি। রাতেও তিনি বাসায় না ফেরায় আমরা পুলিশকে বিষয়টি জানাই। দীপা ভৌমিক তার স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানান।

সকালে ৬টার দিকে লাল মোটরসাইকেল নিয়ে উকিল সাহেবের বাসার সামনে পাঞ্জাবি পড়া এক লোকের অপেক্ষা করার বিষয়টি প্রতিবেশী কলা ব্যবসায়ী বাবুও দেখেছেন। তিনিও ওই ব্যক্তিকে চেনেন না বলে জানান।

সরকার পক্ষের প্রধান আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক নিখোঁজ বাবু সোনার ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক জানান, সকালে কে তাকে (আইনজীবী) ডাকতে এসেছিল, সেটাও অনুসন্ধান করা দরকার। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

রংপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বনমালী পাল অভিযোগ করেন, বাবু সোনাকে হত্যার হুমকি দেওয়া হলেও প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি। জাপানি নাগরিক হত্যা মামলায় জঙ্গিদের ফাঁসির আদেশ হওয়ার পর ৩/৪ দিন বাসায় পুলিশ পাহারা দিয়েছে। এরপর পুলিশ তার কোনও নিরাপত্তা দেয়নি। ১৮ মার্চ মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জঙ্গিদের ফাঁসি হওয়ার পরও তার কোনও নিরাপত্তা দেয়নি পুলিশ।

প্রাণনাশের হুমকির বিষয়ে স্বজনদের অভিযোগ বিষয়ে রংপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল হোসেন কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি।’

এদিকে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, আইনজীবী (পিপি) রথিশ চন্দ্র ভৌমিকের বাড়িতে আসেন। তারা পরিবারের সঙ্গে কথা বলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু জানান, বাবু সোনা অসম্ভব জনপ্রিয় মানুষ। তিনি জেলার বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতা ছিলেন। দুই মামলায় জঙ্গিদের ফাঁসির আদেশ হয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি বলছিলেন তাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: জাপানি নাগরিক ও মাজারের খাদেম হত্যা মামলার প্রধান আইনজীবী নিখোঁজ

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘মূলত সামনে নির্বাচন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এটা পরিকল্পিত কাজ। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে।’

এদিকে ঘটনার প্রতিবাদে নগরীর স্টেশন এলাকায় রেললাইন ও সড়ক বন্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে বাবু সোনাকে উদ্ধার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

রংপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মারুফ হোসেনও নিখোঁজ বাবু সোনার বাসা পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, তারা জঙ্গিদের বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত শুরু করছেন। অচিরেই ভালো খবর দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান