বিগত সরকারগুলোর আমলে দেশে কোনও মৌলিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেনি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘বিগত সরকারগুলোর আমলে শিল্পের সংযোজন প্রতিষ্ঠান গড়ে উঠেছিল; মৌলিক কোনও প্রতিষ্ঠান গড়ে উঠেনি। আর এখন মৌলিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে। টেকসই উন্নয়নের জন্য আরও মৌলিক শিল্প-কারখানা স্থাপন করতে হবে।’
শনিবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইকোনোমিক জোন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ও মেঘনা গ্রুপের ৮টি শিল্পপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। তবে আশা করছি, এ লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ ছাড়াবে।’ আগামী অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের উন্নতির জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। বিগত দিনগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল বলে দেশের উন্নয়ন আজ দৃশ্যমান। ২০১৪ সালে নির্বাচন বানচালের চেষ্টা করেছে বিএনপি। তারা পুলিশ ও সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। কিন্তু তাদের নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হয়েছে। ২০১৫ সালে তারা ৯৩ দিন হরতালের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে। কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ় চেষ্টায় তাদের ষড়যন্ত্র সফল হয়নি। এখনও তারা ষড়যন্ত্র করছে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘এ বছর শেষেই জাতীয় নির্বাচন। যারা বাংলাদেশকে বলেছিলো তলাহীন ঝুড়ি, আজকে তারাই বলছে, বাংলাদেশের বিস্ময়কর উত্থান ঘটেছে। স্বাধীনতার পরে বাংলাদেশের বাজেট ছিল ৭৮৭ কোটি টাকা। আর গত বছর দেশের বাজেট ছিল ৪ লাখ কোটি টাকা। আগে দেশে সিমেন্ট উৎপাদন হতো মাত্র ৯ লাখ টন। এখন সিমেন্টের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি টনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাণিজ্যবান্ধব, শিল্পবান্ধব। তাই দেশের বাণিজ্য বাড়ছে, শিল্প-কারখানা বাড়ছে, দারিদ্র্যের হার কমছে। দারিদ্র্যসীমা ৪০ শতাংশ থেকে ২২ শতাংশে নেমে এসেছে। আশা করছি, তা শতকরা ৩ শতাংশে নামবে।’
অনুষ্ঠানে রেলমন্ত্রী মজিবুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের রেকর্ড পরিমাণ উন্নতি হয়েছে। পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, এত অল্প সময়ে আমাদের এ বিস্ময়কর উন্নতি দেখে।’ দেশের উন্নয়নে বেশি বেশি শিল্প-কারখানা গড়ে তোলার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘গতকাল ব্যাংকারদের সভায় অর্থমন্ত্রী ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।’ সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘ব্যাংক ঋণের সুদের হার কম থাকলে বাংলাদেশে মেঘনা গ্রুপের মতো আরও অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।’
অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন– এসডিজি বাস্তবায়নের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিজেএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, ইকোনমিক জোন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, অ্যাডিশনাল এসপি মোস্তাফিজুর রহমান, মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা।
এর আগে সকালে অর্থমন্ত্রী সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় মেঘনা গ্রুপের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন উদ্বোধন করেন। এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, ইকোনমিক জোনে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৮টি শিল্প-কারখানায় ৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। আরও ১০ শিল্পপ্রতিষ্ঠান নির্মানাধীন রয়েছে, যাতে আরও ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।








