গাজীপুর সিটি নির্বাচন: ভোটারদের মধ্যে উৎসব আমেজ

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০৩ এপ্রিল ২০১৮, ১৬:১৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৭:৪২

নির্বাচনি তফসিল ঘোষণার আগেই মনোনয়নপ্রত্যাশীরা পোস্টার লাগিয়েছেন ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বাকি মাত্র দেড় মাস। আর তাই নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সিটি করপোরেশন এলাকায়। এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচারণা বা ভোট চাওয়া শুরু না করলেও বিভিন্ন পদে মনোনয়ন প্রত্যাশীদের কর্মী-সমর্থকরা নেমে পড়েছেন জনসংযোগে। কেউ কেউ মিছিলও করছেন। ভোটাররাও তাদের জনপ্রতিনিধি বেছে নেওয়ার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে।
এর আগে, গত শনিবার (৩১ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা গাজীপুর সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। গত ৮ মার্চের পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুযোগ থাকলেও এইচএসসি পরীক্ষা ও রমজান মাস শুরু হওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ১৫ মে তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
তফসিল ঘোষণার পর থেকেই উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে সিটি করপোরেশন এলাকার ভোটারদের মধ্যে। নির্বাচনকে ঘিরে নতুন করে সেজে উঠবে সিটি করপোরেশনের আলিগলি, তার জন্যই অপেক্ষা করছেন ভোটাররা। মেয়র-কাউন্সিলর পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, কারা বিজয়ী হবেন—তা নিয়েও এখন থেকেই চলছে জল্পনা-কল্পনা।
মনোনয়নপ্রত্যাশীরা এরই মধ্যে পোস্টার লাগিয়েছেন দেয়ালে দেয়ালে জয়দেবপুর শহরের সাহাপাড়ার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আমান উল্লাহ মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেখতে দেখতে গাজীপুরের প্রথম মেয়রের মেয়াদ শেষ হয়েছে। আবার নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নতুন করে বাসার আশপাশে পোস্টার ঝুলবে, স্লোগান হবে, প্রচার চলবে। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত উৎসবের ঝনঝনানি বিরাজ করবে মহানগরজুড়ে।’
মহানগরের মুন্সীপাড়া এলাকার মুদি ব্যবসায়ী গাফারী শেখ বলেন, ‘দেড় মাস প্রার্থীদের ঘুম হবে না। ভোটারদেরও রাতের বেলায় ডেকে তোলা হবে। বিশেষ করে কাউন্সিলর প্রার্থীরা একদম ঘরে ঘরে পৌঁছে যাবেন, সেটা দিনেই হোক আর রাতেই হোক।’
গাফারী শেখ আরও বলেন, ‘এখনই তো কাউন্সিলর প্রার্থীরা পথঘাটে, বাজার, অলিগলিতে হ্যান্ডশেক করে দোয়া চাচ্ছেন। যতবার দেখা হচ্ছে, ততবারই প্রার্থীরা দোয়া চাচ্ছেন। এখন তো তফসিল ঘোষণা হয়েছে। এখন তারা আনুষ্ঠানিকভাবেই ভোট চাইতে শুরু করবেন।’
দেয়ালে দেয়ালে লাগিয়েছেন কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহীদের মহানগরের উত্তর ছায়াবীথি এলাকার বাসিন্দা আইনজীবী খায়রুল কবীর জুয়েল বলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচন আমাদের এলাকাবাসীর জন্য এক ধরনের উৎসবের মতোই। এ ধরনের নির্বাচনে যিনিই বিজয়ী হোন, এলাকার উন্নয়নের জন্য কাজ করেন। আমাদের ভোটারদের জন্যও এটা আনন্দের বিষয়।’ তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই নির্বাচনি আনন্দের হাওয়া শুরু হয়েছে। প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের জন্য এই সময়টা অনেক কষ্টের। দিন-রাত পরিশ্রম করতে হবে তাদের। বরং ভোটারদের জন্যই সময় উপভোগের।’
মহানগরের নাওজোর এলাকার বাসিন্দা ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তন্ময় সাদিক এবারই প্রথম ভোটার হয়েছেন। ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। সাদিক বলেন, ‘এবারই প্রথম ভোটার হয়েছি। তাই ভোট দেওয়া নিয়ে খানিকটা উত্তেজনা তো কাজ করছেই। এরইমধ্যে একজন কাউন্সিলর প্রার্থী আমার কাছে ভোট চেয়েছেন। খুবই ভালো লাগছে।’
এদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ এপ্রিল। এরপর ১৫ ও ১৬ এপ্রিল চলবে যাচাই-বাছাই। ২৩ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
গাজীপুর সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. আসলাম জানান, ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনের মোট আয়তন ৩২৯ দশমিক ৯০ বর্গকিলোমিটার। করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ লাখ ৯১ হাজার ৬৯৮, নারী ভোটারের সংখ্যা ৫ লাখ ৭২ হাজার ৭২৭। ২০১৩ সালের নির্বাচনে মোট ভোটার ছিল ১০ লাখ ২৬ হাজার ৯৩০ জন।
আরও পড়ুন-
কেসিসি নির্বাচন: ৭৩ প্রতীক চূড়ান্ত
মেয়র পদে ১০ জনের নাম কেন্দ্রে পাঠাচ্ছে খুলনা আ. লীগ

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের