কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দাসিয়ারছড়ার ছোট কামাত গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের খবর শুনেছি। তবে কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী জানায়, নুরল ইসলামের ছেলে আশরাফুল আলমের সঙ্গে একই এলাকার বদরুজ্জামানের ছেলে বুলবুল আহমেদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে আশরাফুল ব্যবসার কাজে নাগেশ্বরী যাওয়ার জন্য বুলবুলের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় বুলবুলের লোকজন আশরাফুলকে আটক করে। খবর পেয়ে আশরাফুলের পরিবারের লোকজনও ঘটনাস্থলে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়। আহতরা হলেন আশরাফুল আলম (৩৫), শারমিন বেগম (২৭), আমজাদ হোসেন (৩২), জাকির হোসেন (৩৩), মোর্শেদা বেগম (২৭), শাহনাজ পারভীন (১৫), বুলবুল আহম্মেদ (৩৬), আমিরুল ইসলাম (৩৪), মনতোষ (২৯) ও সোনা মিয়া (৩৭)।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে শারমিন ও শাহনাজের অবস্থা গুরুতর।







